আগামী বছরই ক্ষমতা ছাড়ছেন মাহাথির, আসছেন আনোয়ার ইব্রাহিম

আপডেট : ২৪ জুন ২০১৯, ০৫:২৭ পিএম

বছরখানেকের মধ্যে আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

নিউইয়র্কভিত্তিক ব্লুমবার্গ টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্ষমতা হস্তান্তরের বিষয়টি জানান দেশটির এ বর্ষীয়ান নেতা।

ব্লুমবার্গ জানায়, ব্যাংককে ফিফথ ব্লুমবার্গ এশিয়ান বিজনেস সামিটে গেলে এ সাক্ষাৎকার দেন মাহাথির। এতে মালয়েশিয়ার রাজনীতি, প্রশাসন, অর্থনৈতিক সংস্কার, বিদেশি বিনিয়োগসহ নানা বিষয়ে খোলাখুলি কথা বলেন তিনি।

মাহাথির বলেন, “আমাদের অর্থনীতির এমনভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এখানে বড় ধরনের অপরাধ জড়িত। এমন একটা সময়ে আমাদের খুব কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।”

তিনি বলেন, “আমরা প্রশাসনের বাইরের লোকেরা সেটা তখন বুঝতে পারিনি। নির্বাচনের আগে সরকার ও প্রশাসন নিয়ে আমরা অনেক কথা বলেছি, কারণ ভেতর থেকে যথাযথ কোনো তথ্য আমরা পাইনি।”  

গত বছরের মে মাসে স্বাধীনতা পরবর্তী মালয়েশিয়ায় প্রথম ক্ষমতা বদল ঘটে। নির্বাচনে হারে দীর্ঘ ৬০ বছর ক্ষমতায় থাকা বারিসান ন্যাশনাল জোট।

একসময় এই বারিসান ন্যাশনালের নেতা হিসেবেই দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন মাহাথির। দ্বিতীয় মেয়াদে রাজনীতিতে ফিরেই লড়েন নিজের দলের বিপক্ষে। ৯২ বছরে এ সফল রাষ্ট্রনায়ক ফের ক্ষমতায় আসেন।

তবে এক বছরের মধ্যে তিনি ক্ষমতাসীন জোটের নেতা আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে মাহাথির জানান। এর মধ্য দিয়েই স্পষ্ট যে, আগামী বছরেই মালয়েশিয়ার ক্ষমতা থেকে সরে যাচ্ছেন তিনি এবং দেশটির নেতা হচ্ছেন আনোয়ার ইব্রাহিম।

সাক্ষাৎকারে তার পূর্বসুরী ও সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দিকে ইঙ্গিত করে বলেন, তিনি মালয়েশিয়াকে ‘কসাইয়ের দোকানে’ ছেড়ে যেতে চান না। দেশকে নতুন সংস্কারের দিকে দেখতে চান তিনি।

মাহাথিরের জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো মালয়েশিয়ায় সরকার গঠন করে বিরোধী দল। যার নেতা ৭০ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম। যার ‘পিপলস জাস্টিস পার্টি' ক্ষমতায় আসা চারদলীয় জোট ‘কোয়ালিশন অব হোপ'-এর প্রধান শরিক। 

সমকামিতার অপরাধে আনোয়ারের পাঁচ বছর সাজা হয়েছিল। যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে তার দাবি। তার জোট ক্ষমতায় আসার পরপরই তিনি সাজা থেকে অব্যাহতি পান। নাজিব রাজাকের দুর্নীতির বিরুদ্ধে ইব্রাহিমের পক্ষেই লড়েন মাহাথির।

রাজাকের বিরুদ্ধে প্রধান অভিযোগ যে তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে কমপক্ষে ৬৮১ মিলিয়ন ডলার নিজের পকেটে ঢুকিয়েছেন।

মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে গতি আনার লক্ষ্যে তৈরি ওয়ান এমডিবি (মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাড) নামে ওই তহবিল গঠন করা হয়েছিল, কিন্তু নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগ ব্যক্তিগত বিলাস বৈভবে রাষ্ট্রীয় সেই টাকা খরচ করেছেন তিনি।

তার ক্ষমতা থেকে সরাতেই ইব্রাহিমের পাশে দাঁড়ান মাহাথির। জেলে বন্দি ইব্রাহিমের জোটের নেতৃত্ব দেন। তিনি বলেন, “আমি একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি সেটা রাখতে চাই।”

মাহাথির বলেন, “পদত্যাগ করার আগে আমার কিছু করার দরকার ছিল।” ওয়ান এমডিবি দুর্নীতি থেকে মালয়েশিয়াকে টেনে আনার চেষ্টার কথা বলেন তিনি।

কোনো পরিবর্তন আনতে পেরেছেন কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, “আমি জানি না, আমি এখনো চেষ্টার মধ্যে আছে। তবে আমি দেশের জন্য কাজ করে যেতে চাই। যদিও ভবিষ্যতে আমার খুব বেশি করার নেই তবে অন্তত দেশকে কোনো কসাইয়ের দোকানে ছেড়ে চাই না। যা আগে ঘটেছিল।”   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত