২ জুলাইয়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসি থেকে সরাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৪ জুন ২০১৯, ০৯:৫৬ পিএম

আগামী ২ জুলাইয়ের মধ্যে দেশের সব ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ ব্যাপারে ফার্মেসি মালিকদের নির্দেশনা দিয়ে বলা হয়েছে, ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ কোম্পানিগুলো নিজ দায়িত্বে নিয়ে যাবে।

সোমবার সচিবালয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। ফার্মেসি মালিকদের সঙ্গে ওষুধ প্রশাসন অধিদপ্তরের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ফার্মেসিতে এ ধরনের ওষুধ একটি নির্দিষ্ট কর্নারে রেখে ‘নট ফর সেল’ বা ‘বিক্রয়যোগ্য নয়’ লিখে সংরক্ষণ করতে হবে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকার মিডিয়ার সঙ্গে একত্রিত হয়ে সমন্বিতভাবে এ কাজটি করবে। এ ক্ষেত্রে আমরা কেউ ভিলেন নই। ভিলেন যদি কেউ থেকে থাকে তারা হলো যারা ওষুধ বানায় এবং বিক্রি করে।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে গত ৬ মাসে ৪০৪টি ফার্মেসির বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা করা হয়েছে। এ সময় ২২ লাখ ৮১ হাজার ৪০৫ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। ৮১ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিব আসাদুল ইসলাম, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত