ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহকে নিয়ে আশাবাদী মাশরাফী

আপডেট : ২৫ জুন ২০১৯, ০৬:৫৬ পিএম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সময় ডান পায়ের কাফ মাসলে চোট পেয়েছেন মাহমুদউল্লাহ। গ্রেড ওয়ান টিয়ারের চোট। খুব গুরুতর কিছু না হলেও সেরে উঠতে অন্তত সপ্তাহখানেক বিশ্রাম লাগবে। ২ জুলাই ভারতের বিপক্ষে ম্যাচে এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে পাওয়া নিয়ে তাই কিছুটা শঙ্কা দেখা দিয়েছে।

তবে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মাহমুদউল্লাহকে পাওয়ার ব্যাপারে আশাবাদী অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

মঙ্গলবার সংবাদমাধ্যমকে মাশরাফী বলেন, ‘‘স্ক্যান রিপোর্ট দেখার পর ফিজিও যখন বলেছেন যে অন্তত ৭ থেকে ১০ দিনের বিশ্রাম, তখনই রিয়াদ বলেছে যে ভারতের বিপক্ষে সে খেলবেই। অবস্থা যেমনই হোক। আশা করি, সাত দিনে অনেকটা ঠিক হয়ে উঠবে।’’

মাশরাফী নিজেও মাহমুদউল্লাহর ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘‘ভারতের বিপক্ষে খেলার সামান্য সুযোগ থাকলেও ও (মাহমুদউল্লাহ) খেলবে। মানসিক জোর যেহেতু আছে। শারীরিক কিছু ঘাটতি থেকে গেলেও পুষিয়ে নিতে পারবে।’’

ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও আশাবাদী মাহমুদউল্লাহকে নিয়ে, ‘‘ওর চোট সেরে ওঠার মতো। এখনো সাত দিন সময় আছে। ফিজিও চেষ্টা করবেন ওকে যতটা সম্ভব সারিয়ে তোলার। যদিও এখন ফিফটি-ফিফটি অবস্থা, এখনই বলা কঠিন। তবে আমরা আশা করি তাকে পাব।’’

সোমবার আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পেলেও মাঠ ছাড়েননি মাহমুদউল্লাহ। চোট নিয়েও ব্যাট করে গেছেন। ২৭ রানের ইনিংসে মুশফিকুর রহিমের সঙ্গে গড়েন ৬৬ রানের দারুণ এক জুটি।

সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে বাকি দুই ম্যাচে জিততেই হবে। ভারত ম্যাচে তাই মাহমুদউল্লাহকে পাওয়া না গেলে সেটি হবে বড় ক্ষতি। ভারত ম্যাচের পর ৫ জুন পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত