গাজীপুর নগরীর বিভিন্ন অঞ্চলের প্রধান সংযোগ সড়ক প্রশস্তকরণসহ নর্দমা, ফুটপাত নির্মাণ প্রকল্পের জন্য ৩ হাজার ৮২৮ কোটি টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মেয়র বলেন, গতকাল রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য প্রকল্পের সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
জাহাঙ্গীর আলম বলেন, এ প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরীর অবহেলিত এলাকার রাস্তাঘাটের টেকসই উন্নয়ন হবে। ফলে জনগোষ্ঠী আরও অর্থনৈতিক কর্মকাণ্ডে উৎসাহিত হবে এবং স্থায়ী কর্মসংস্থান বৃদ্ধি পাবে। সভায় কোনাবাড়ি এলাকায় অবস্থিত দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণের জন্য ৮১ কোটি টাকার আরেকটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
