এক দলিত তরুণীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে পরিবারের দুই নারীকে গাড়ি দিয়ে পিষে হত্যা করা হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে এ ঘটনা ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, এ ঘটনায় দুই দলিত নারীর মৃত্যু ছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও দুজন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা রুজু করে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তা দিয়ে হাঁটছিলেন ওই দুই বয়স্ক দলিত নারী। একটি গাড়ি আচমকা পেছন থেকে খুব জোরে এসে তাদের ধাক্কা মারে। তারা রাস্তায় পড়ে গেলে, গাড়িটি দুজনকে পিষে দিয়ে চলে যায়।
প্রাথমিক তদন্তে জানা যায়, কিছুদিন আগে ওই দুই নারীর পরিবারের ২২ বছরের এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করেছিল এলাকারই এক যুবক। কিন্তু বাধা দেওয়ায় সেই মুহূর্তে ফিরে যায় যুবকটি।
এর পর থেকেই ওই দলিত পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এমনকি, দুই নারীকে পিষে মারার সামান্য আগেও ওই তরুণীকে ফোন করে হুমকি দেয় উচ্চবর্ণের ওই যুবক।
