যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈতিক নীতির অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন তিব্বতের ধর্মগুরু দালাইলামা। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সম্পর্কে জানতে চাওয়া হলে দালাইলামা বলেন, ‘তার খুব অল্প মাত্রায় অনুভূতি আছে। আজ তিনি যা বলছেন, পরদিন ভিন্ন কথা বলেন। কিন্তু আমার মনে হয়, তার নৈতিক নীতির অভাব রয়েছে। যখন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তিনি আমেরিকাকে শীর্ষে রাখার কথা বলেছিলেন। ওটা ছিল ভুল। আমেরিকার উচিত বৈশ্বিক দায়িত্ব গ্রহণ করা।’
দালাইলামাকে ইউরোপীয় ইউনিয়ন প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে বহিরাগত। কিন্তু আমার মনে হয় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থেকে যাওয়া সবচেয়ে ভালো।’ তবে ইউরোপের দেশগুলোর শরণার্থীদের গ্রহণ করে তাদের শিক্ষিত ও প্রশিক্ষণ দেওয়া উচিত যাতে ওই শরণার্থীরা তাদের দেশে ফিরে যেতে পারেন বলেও তিনি মনে করেন। বৌদ্ধ ধর্মের এই ধর্মগুরু এখনো তিব্বতে ফিরে যাওয়ার আশা করেন। ১৯৫৯ সাল থেকে তিনি এক প্রকার নির্বাসিত জীবনযাপন করছেন।
