কনস্টেবল নিয়োগে পুলিশ সুপারকে ঘুষ দিতে গিয়ে আটক

আপডেট : ২৮ জুন ২০১৯, ০৬:৩৭ পিএম

নড়াইলে কনস্টেবল পদে নিয়োগের জন্য পুলিশ সুপারকে ব্রাজিলের ফুটবল দলের জার্সি উপহার দেয়ার নামে ৭ লাখ টাকা ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি। এ এ সময় ওই ব্যক্তির কাছ থেকে একটি চেক ও একটি জীবনবৃত্তান্ত উদ্ধার করা হয়।

আটক নুরুল ইসলামের বাড়ি নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামে।

শুক্রবার বেলা ১১টায় নড়াইল পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, প্রায় এক সপ্তাহ পূর্বে নুরুল ইসলাম আমাকে খেলার জার্সি উপহার দিতে আসে। রাতে বাসায় গিয়ে দেখতে পাই জার্সির মধ্যে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট ও একটি জীবনবৃত্তান্ত রয়েছে।

তিনি জানান, বিষয়টি কাউকে বুঝতে না দিয়ে প্যাকেটটি ওভাবেই রেখে দেয়া হয়। বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি ফোন করে আমার সাথে দেখা করতে চাইলে অফিসে আসতে বলি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ঘুষ দেওয়ার অভিযোগে আটক করা হয়।

ঘুষ হিসেবে দেওয়া টাকার মধ্যে এক হাজার টাকার নোটে পাঁচ লাখ এবং পাঁচশ টাকার নোটে দুই লাখ টাকা দেওয়া হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি চেক উদ্ধার করা হয়েছে। তবে চেকে কোন কিছু লেখা ছিল না।

প্রেস ব্রিফিংকালে নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত