লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদের ‘জাতীয় মুক্তিমঞ্চ’কে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য যেকোনও উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’
শুক্রবার শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অলি আহমেদ ‘জাতীয় মুক্তি মঞ্চ’ নামে নতুন প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমানে বরগুনার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। প্রতিদিন খারাপ থেকে খারাপতর ঘটনা ঘটছে। এসব ঘটনা প্রমাণ করে সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘যখন অপরাধী দলীয় কারণে শাস্তি না পেয়ে মুক্ত হয়ে যায় স্বাভাবিক কারণে অন্য অপরাধীদের সেই দলের ছত্রছায়ায় গিয়ে অপরাধ করার প্রবণতা বেড়ে যায়। সেখানেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।’
জনগণ এই সরকারকে নির্বাচিত করেনি দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘পার্লামেন্টে জনগণের প্রতিনিধি নেই। সেই কারণে এসব ঘটনা ঘটছে। এখানে ন্যায়বিচার নেই, বিচারহীনতা আছে। খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, গত এক দশক ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই শুধু নয়, বিচার বিভাগকেও দলীয়করণ করা হয়েছে।’
বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিজয়ী জিএম সিরাজসহ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, মাহবুবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসময় উপস্থিত ছিলেন।
