যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ না করার জন্য অনুরোধ করেছেন। তবে ট্রাম্প তা কৌতুকের ছলে বলেছেন বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের পিছু ছাড়ছে না। ক্ষমতা গ্রহণের পর থেকেই এই অভিযোগ শুনতে হচ্ছে তাকে। এ ঘটনায় টানা দুই বছর তদন্ত হয়। জয়ের পেছনে রাশিয়ার ভূমিকা থাকার অভিযোগে হতাশ ট্রাম্প। অভিযোগ উঠলেও রাশিয়ার সঙ্গে তিনি ভালো সম্পর্ক চান।
গত জুলাইয়ে হেলসিংকিতে বিতর্কিত বৈঠকের পর এই প্রথম জাপানের ওসাকা শহরে আনুষ্ঠানিক বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রসঙ্গটি উঠে আসে। জি-২০ সম্মেলন চলাকালে পার্শ্ববৈঠকে মিলিত হবেন এ দুই নেতা।
সাংবাদিকরা দ্বিপক্ষীয় বৈঠকে প্রসঙ্গটি তুলবেন কি না জানতে চাইলে ট্রাম্প বলেন ‘হ্যাঁ, অবশ্যই আমি তুলব।’ এ সময় পাশে দাঁড়ানো পুতিনের মুখে হাসির রেখা ফুটে উঠতে দেখা গেছে। এ কথা বলার সময় ট্রাম্প পুতিনের দিকে তাকিয়ে ও আঙুল তুলে বলেন, নির্বাচনে হস্তক্ষেপ করবেন না দয়া করে।
ট্রাম্পের সমালোচকরা রাশিয়ার সঙ্গে অত্যধিক বন্ধুত্বপূর্ণ হওয়ার অভিযোগ করে আসছেন। তবে পুতিনের দাবি, রুশ-মার্কিন সম্পর্ক প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে।
