এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন বাংলাদেশ দলের পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। পাঁচ ইনিংস খেলে নিয়েছেন ১০ উইকেট! আসরে এখন পর্যন্ত বাংলাদেশ দলের সবচেয়ে সফল বোলার। তবে একটি জায়গায় সাইফ ছাড়িয়ে গেছেন অন্য দলের তারকা পেসারদেরও। ইয়র্কার ডেলিভারিতে তরুণ এই পেসার ছাড়িয়ে গেছেন মিচেল স্টার্ক ও জাসপ্রিত বুমরাহসহ অনেককে।
ব্যাটসম্যানদের স্বর্গ খ্যাত ইংল্যান্ডের উইকেটগুলোতে বাংলাদেশের অন্য পেসাররা খুব একটা কার্যকরী ভূমিকা রাখতে না পারলেও ব্যতিক্রম সাইফউদ্দিন। নিয়ন্ত্রিত বোলিংয়ের দিক থেকেও দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলার তিনি।
সাইফউদ্দিন এগিয়ে আছেন ইয়র্কার ডেলিভারির দিক থেকেও। সবচেয়ে বেশি ইয়র্কার করার দিক থেকে তার অবস্থান দ্বিতীয়। তালিকায় বাকি সব বোলারই ব্যাটসম্যানদের ভীতি ছড়ানো পেসার।
দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ম্যাচে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৫ ওভার পর্যন্ত সবচেয়ে বেশি ৩৬টি ইয়র্কার ডেলিভারি করেছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। ২৫টি ইয়র্কার ডেলিভারির মাধ্যমে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করা সাইফউদ্দিন আছেন মালিঙ্গার পরই। মালিঙ্গার কাছাকাছি যেতে না পারলেও সাইফউদ্দিন এখন পর্যন্ত এগিয়ে আছেন অস্ট্রেলিয়া মিচেল স্টার্ক ও মার্কাস স্টয়নিস, নিউজিল্যান্ডের লকি ফার্গুসন এবং ভারতের জাসপ্রিত বুমরাহদের থেকে।
সবচেয়ে বেশি উইকেট শিকারি স্টার্ক ইয়র্কার ডেলিভারি করেছেন ২৪টি, অর্থাৎ সাইফউদ্দিনের চেয়ে একটি কম। চতুর্থস্থানে থাকা স্টয়নিসের ইয়র্কার ডেলিভারির সংখ্যা ১৯টি। আর ফার্গুসন ও বুমরাহ দুজনই ইয়র্কার করেছেন ১৮টি করে।
একনজরে দ্বাদশ বিশ্বকাপে ইয়র্কার করার দিক থেকে শীর্ষ ৬ বোলার
ক্রমিক নাম ইয়র্কার সংখ্যা
১ লাসিথ মালিঙ্গা ৩৬
২ মোহাম্মদ সাইফউদ্দিন ২৫
৩ মিচেল স্টার্ক ২৪
৪ মার্কাস স্টয়নিস ১৯
৫ লকি ফার্গুসন ১৮
৬ জাসপ্রিত বুমরাহ ১৮
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সাইফউদ্দিন। পাঁচ ম্যাচ খেলে সাকিব আল হাসানের সমান ১০টি উইকেট পেলেও সাকিব এক ম্যাচ বেশি খেলায় এগিয়ে আছেন সাইফউদ্দিনই।
