গো-রক্ষকদের পিটুনিতে মরেও মামলা থেকে রেহাই নেই পেহলু খানের

আপডেট : ২৯ জুন ২০১৯, ০৩:১৩ পিএম

গরু পরিবহনের সময় এক মুসলিম কৃষককে পিটিয়ে মারে গো-রক্ষকরা। সেই কৃষকের বিরুদ্ধে আবার চার্জশিট আনা হয়েছে আদালতে। ভারতে রাজস্থানে এ ঘটনা ঘটেছে।

এনডিটিভি জানায়, ২০১৭ সালে এপ্রিলে পেহলু খান এবং তার দুই ছেলে হাটে গরু নিয়ে যাচ্ছিলেন। রাস্তায় গো-রক্ষকেরা তাদের গাড়ি আটকিয়ে তিনজনকে নৃশংসভাবে পেটায়।

এক ভিডিওতে দেখা যায়, উগ্রবাদী হিন্দুগোষ্ঠী পেহলু খানকে পিটিয়ে আহত করে রক্তাক্ত করে ফেলে। পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে এ ঘটনায় আট ব্যক্তির বিরুদ্ধে পেহলু খানকে গণপিটুনিতে হত্যার অভিযোগ আনা হয়। একই ঘটনায় কৃষক এবং তার দুই ছেলের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়-জেলা কালেক্টরের অনুমতি ব্যতিত গরু পরিবহনের দায়ে।

রাজস্থান সরকার কৃষক ও তার দুই পুত্রের বিরুদ্ধে এ অভিযোগ আনে। পেহলু খান মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যহতি দেওয়া হতে পারে। তবে তার দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ বহাল থাকবে এবং আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত