ভিন্ন জাতের ছেলেকে বিয়ে করায় অপমানিত হয়ে মেয়েকে কুপিয়ে হত্যা করল বাবা। শুক্রবার অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলায় এ ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, আড়াই বছর আগে ২৩ বছরের হেমাবতী পরিবারের অনিচ্ছায় বিয়ে করেছিলেন ভিন্ন জাতের কেসাভুলুকেতাই।
কিন্তু এত দিনেও মেয়ের এই বিয়ে মেনে নিতে পারেননি হেমাবতীর পরিবার। যদিও বিয়ে করেই গ্রাম ছাড়তে হয় হেমাবতী-কেসাভুলুকে।
এর মধ্যে দুই সপ্তাহ আগে এক পুত্র সন্তানের জন্ম দেন হেমাবতী। হাসপাতালে গিয়ে তার ওপর চড়াও হয় তার বাবা ও ভাই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার নবজাতক নিয়ে হাসপাতালে যায় হেমাবতী এবং কেসাভুলু। সেখানেই তাদের ওপরে চড়াও হয় হেমাবতীর বাবা এবং ভাই। বাইকে করে হেমাবতীকে তুলে পাশের এক আমবাগানে নিয়ে যাওয়া হয়। গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। এমনকি ধারাল অস্ত্র দিয়ে কোপান হয় তার শরীর। একপর্যায়ে হেমাবতীর মৃত্যু নিশ্চিত করে স্থান ত্যাগ করে তারা।
এদিকে এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে স্থানীয় থানায়। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
