প্লাস্টিক বোতলই স্কুলের বেতন

আপডেট : ২৯ জুন ২০১৯, ১১:৩৫ পিএম

নাইজেরিয়ার সর্ববৃহৎ শহর লাগোস। এই শহরেই বাস ৩২ বছর বয়সী মা অরিওলা অলুওয়েসির। চার সন্তানের জননী অরিওলা শহরের ব্যস্ত রাস্তায় ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল সংগ্রহ করে বেড়ায়। সন্ধ্যায় অরিওলা ওই বোতলগুলো নিয়ে যাবেন মোরিত আন্তর্জাতিক স্কুলে, যেখানে তার ৮ বছর বয়সী মেয়ে রেবেকা পড়ালেখা করে। এই বোতলগুলো তার মেয়ের স্কুলের নির্ধারিত বেতন কমাতে সাহায্য করবে।

সিএনএন’কে অরিওলা বলেন, ‘স্কুলে কোনো নতুন সেমিস্টার শুরু হলে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি বেতন দেওয়ার অর্থ জোগাড় করা নিয়ে। বছরে স্কুলের বেতন ৫০ ডলার দিতে আমাদের হিমশিম খেতে হয়।’ তবে শিক্ষার্থীদের বাবা-মায়েদের বেতন সংক্রান্ত এই অনিশ্চয়তা থেকে কিছুটা স্বস্তি দিতে আফ্রিকা ক্লিনাপ ইনিশিয়েটিভ (এসিআই) নামের একটি বেসরকারি দাতব্য সংস্থা এগিয়ে এসেছে। এই সংস্থাটি সমাজে অব্যবহারযোগ্য প্লাস্টিক বোতলের বিনিময়ে স্কুলের বেতন মওকুফের পরিকল্পনা নেয়।

এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে রিসাইকেলপে। নিম্নআয়ের অঞ্চলগুলোতে শিক্ষাকার্যক্রম এসিআই এই প্রকল্প সুবিধা দেয়। বাবা-মায়েরা যাতে সারা মাস ধরে অল্প অল্প করে বেতন দিতে পারে সেদিক বিবেচনায় এই প্রকল্প হাতে নেওয়া হয়। অরিওলা মাসে দুবার স্কুলে যান বস্তাভর্তি প্লাস্টিক বোতল নিয়ে।

প্রতি ২০০ কিলোগ্রাম পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতলের জন্য ১১ ডলার ধার্য করা হয়েছে। আর স্কুলগুলোতে এক সেমিস্টারের বেতন ২৪ ডলার। অরিওলা বলেন, ‘এই প্রকল্প আমাকে সুযোগ দিয়েছে বিকল্পভাবে সন্তানের বেতন দিতে। এর ফলে আমি বেতন দেওয়া ছাড়াও স্কুল ব্যাগ-বই কিনে দিতে পারছি।’

প্রতিবছর ৪ লাখ ৫০ হাজার মেগাটন প্লাস্টিকের জায়গা হয় লাগোসের পানিতে। ২০১৭ সালের ওশ্যান অ্যাটলাস রিপোর্ট অনুসারে নাইজেরিয়ায় প্রচুর পরিমাণে প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়। প্লাস্টিক দূষণে বিশ্বে নাইজেরিয়ার স্থান ১১। দেশটির বাসিন্দাদের স্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ প্লাস্টিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত