পাকিস্তান-আফগানিস্তান সমর্থকদের মারামারিতে গ্যালারি রণক্ষেত্র (ভিডিও)

আপডেট : ৩০ জুন ২০১৯, ১০:২১ এএম

টান টান উত্তেজনার এক ম্যাচ। এই লড়াইয়ের উত্তাপের আঁচ লেগেছিল গ্যালারিতেও। বারবার মোড় নেওয়া ম্যাচটিতে বারবার মারামারিতে জড়াতে দেখা গেছে পাকিস্তান ও আফগানিস্তান সমর্থকদের।

লিডসের হেডিংলিতে শনিবার উত্তেজনা ছড়ানো ম্যাচটিতে শেষ ওভারে গিয়ে ৩ উইকেটের জয় পায় পাকিস্তান। এই জয়ে বিশ্বকাপে সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা আরো জোরালো করেছে দলটি। ইংল্যান্ডকে টপকে আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থস্থানে উঠে এসেছে সরফরাজ আহমেদের দল।

শনিবার স্থানীয় সময় সকালে ম্যাচের সময় মাঠে ও মাঠের বাইরে একাধিকবার সংঘর্ষে জড়ায় পাকিস্তান ও আফগানিস্তান ভক্তরা। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও বার বার ব্যর্থ হয় পুলিশ। পরিস্থিতি নিয়েন্ত্রণে আনার জন্য কয়েকজন সমর্থককে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়।

খেলার সময় মাঠের উপর দিয়ে উড়ে যায় পাকিস্তানের সেনাবাহিনী বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত বিমান। বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচারের বিরুদ্ধে বিমানে দেখানো হয় দুইটি স্লোগান। সেখানে বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা গুম ও খুন বন্ধের আহবান জানানো হয়।

ম্যাচের পর দর্শকরা নিরাপত্তা ভেঙ্গে মাঠের ভিতরে প্রবেশ করে যায়। খেলোয়াড়দের দিকে লক্ষ্য করে কয়েকজন বিভিন্ন জিনিস ছুড়ে মারে। তা স্টেডিয়ামে উপস্থিত দর্শক দেখলেও স্টার স্পোর্টস সম্প্রচার বন্ধ করে দেওয়ায় টিভির পর্দায় দেখানো হয়নি।

পুলিশ মাঠে খেলোয়াড়দের নিরাপত্তা দিতে যাওয়ার সময় গ্যালারিতে যারা ছিলেন তারা জড়িয়ে পরে সংঘর্ষে। শিশু, বৃদ্ধ কেউ রেহাই পায়নি এই সংঘর্ষের হাত থেকে। সকলের দিকেই ছুড়ে মারা হয় বিভিন্ন বস্তু। টুইটারে দুই দলের ভক্তদের নিন্দা জানানো হয়েছে।

আইসিসি পরবর্তীতে বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা বিষয়টি দেখছে ও তারা চেষ্টা করবে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে বিশ্বকাপের মতো আসরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত