রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতাদি প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবি ও জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবিতে পৌর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে নড়াইলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান পালন কর্মসূচি শুরু করেছে।
সোমবার সকাল ৯টা থেকে নড়াইল পৌরসভা কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়েছে। নড়াইল জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে প্রথম দিন কর্মসূচি চলে বিকেল ৫টা পর্যন্ত।
প্রথম দিনের অবস্থান কর্মসূচি পালনকালে দাবি-দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন নড়াইল পৌরসভার নির্বাহী প্রকৌশল গোলাম মোহম্মদ, সচিব মো. ওহাবুল আলম, নড়াইল জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. সাইফুজ্জামান প্রমুখ।
বক্তারা অবিলম্বে, পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতাদি প্রদানসহ পেনশন প্রথা চালুর করার। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে পৌর কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালনের কারণে মেয়র ও কাউন্সিলরা অফিস করতে পারেননি। অনেকে অফিসে প্রবেশ করলেও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করায় অফিসের কাজকর্ম করতে পারেননি। পাশাপাশি নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়েছেন পৌরবাসী।
নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, “আমি একটি নাগরিক সনদপত্র আনতে পৌরসভায় গেলেও পৌরসভার সামনে কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে থাকায় অফিসের ভেতরে প্রবেশ করতে পারিনি। যার কারনে কাজটা করতে পারিনি।”
ভওয়াখালী এলাকার বাসিন্দা সুজয় কুমার বকসী বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভায় একটি কাজে গিয়েছিলাম। কিন্তু আন্দোলনের কারণে কাজ হয়নি। নিরুপায় হয়ে বাসায় ফিরে এসেছি।”
নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস জানান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারনে পৌরসভার সেবা বিঘ্নিত হচ্ছে। আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে।”
