চাঁদপুরের কচুয়ায় গৃহবধূ শাহনাজ বেগম হত্যা মামলায় স্বামী মঞ্জিল মিজিসহ দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া রায়ে উভয় আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদন্ডের আদেশ দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খান আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলো কচুয়া উপজেলার শফিবাদ এলাকার মঞ্জিল মিজি এবং চাংপুর এলাকার মিজানুর রহমান। নিহত গৃহবধূ শাহনাজ কুমিল্লার দাউদকান্দি উপজেলার শাহ আলমের মেয়ে।
চাঁদপুর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আমান উল্যা মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে জানান, কচুয়ার শফিবাদ এলাকায় ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর গভীর রাতে শাহনাজ বেগমকে তার স্বামী মঞ্জিল ও বন্ধু মিজান শ^াসরোধে হত্যা করে।
বিয়ের পর থেকে মঞ্জিল বিদেশ যাওয়ার জন্য শাহনাজের পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ হত্যা মামলায় কচুয়া থানার এসআই নিজাম উদ্দিন ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করেন।
