চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বুধবার ভোর ৫টার দিকে পটিয়ার কমলমুন্সির হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার যাত্রী সংঘদাশ বড়ুয়া (৭০) ও অটোরিকশাটির চালক উত্তম বড়ুয়া (৪৩)। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার শীলঘাটা গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পটিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা সৌমেন বড়ুয়া দেশ রূপান্তরকে জানান, অটোরিকশাটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী ‘শ্যামলী’ পরিবহনের একটি বাস কমলমুন্সির হাট এলাকায় সামনে থেকে ধাক্কা দিলে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার ভেতর থেকে যাত্রী সংঘদাশ বড়ুয়াকে মৃত অবস্থায় ও চালক উত্তম বড়ুয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আহত উত্তম বড়ুয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
