জায়রা ওয়াসিমকে ‘প্রতিক্রিয়াশীল’ ও ‘অকৃতজ্ঞ’ বলে টুইট করেছিলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা রাভিনা ট্যান্ডন। সেই পোস্ট তিনি মুখে দিয়েছেন।
নায়িকার মত পরিবর্তনের কারণ সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা একটি ভিডিও’র মাধ্যমে জানা যায়। সেখানে বলা হচ্ছে- স্বেচ্ছায় নয় বরং জায়রা নাকি অভিনয় ছাড়তে বাধ্য হয়েছেন।
রাভিনার বক্তব্য, যদি এই দাবি সত্যি হয়, সত্যিই জায়রা চাপের কারণে নতিস্বীকার করে থাকেন- তা হলে তিনি দুঃখিত। প্রশ্ন তোলেন, জায়রাকে কি দীর্ঘ বক্তব্য লিখতে বাধ্য করেছিল মৌলবাদীরা?
দেশের তরুণদের কাছে জায়রা ‘আদর্শ’ ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
দুদিন ‘টিপ টিপ বরষা পানি’-খ্যাত রাভিনা লেখেন, “মাত্র দুটি সিনেমা করে কেউ যদি চলচ্চিত্র শিল্পের প্রতি অকৃতজ্ঞ হয়, তাতে কিছু এসে যায় না। শুধু এটুকু চাই, সম্মান বজায় রেখেই যেন তারা প্রস্থান করে এবং নিজেদের প্রতিক্রিয়াশীল দৃষ্টিভঙ্গি নিজের কাছেই রাখে।”
অল্টনিউজের প্রতিষ্ঠাতা প্রতীক সিনহাকে লেখা অন্য এক টুইটে লেখেন, “বেরিয়ে যাওয়া তোমার পছন্দ। তবে সবার জন্য এই শিল্পকে ছোট করে দিও না।”
চলচ্চিত্র শিল্পকে ‘কাঁধে কাঁধ মিলিয়ে চলা, জাতি ও ধর্মের ভেদাভেদ হীন এক শিল্প' হিসেবেই বর্ণনা করেন রাভিনা।
মাঝে গুজব উঠে জায়রার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এই নিয়ে তার মুখপাত্র জানান, এমন কিছু ঘটেনি।
শনিবার জায়রা জায়রা তার ইনস্টাগ্রাম পোস্টে জানান, পাঁচ বছর আগে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা চিরকালের জন্য তার জীবন বদলে ফেলেছে। যে মুহূর্তে বলিউডে পা রেখেছিলেন, তার জন্য বিশাল জনপ্রিয়তার দরজা খুলে যায়। তিনি সাধারণ মানুষের আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠছিলেন, সাফল্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল এবং প্রায়ই তাকে তরুণদের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হতো। কিন্তু তিনি যা করতে চেয়েছিলেন বা হতে চেয়েছিলেন- তার কোনোটা এসব নয়। সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে নতুন করে তা বুঝতে শুরু করেছেন।
তিনি লেখেন, “আমি বুঝতে পেরেছি আমি অনেক দিন ধরে অন্য একজন হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছিলাম। আমি বুঝতে পেরেছি, যদিও আমি এখানে সুন্দরভাবে ফিট হতে পারব, কিন্তু আমি এর জন্য নই। এই জগৎ আমাকে অনেক ভালোবাসা, সমর্থন, প্রশংসা দিয়েছে, কিন্তু এই জগৎ আর যেটা করেছে তা হলো আমাকে ক্রমশ অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতনভাবে আমি আমার ঈমান (বিশ্বাস) থেকে বেরিয়ে এসেছি। কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ঈমানের মাঝে এসে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।”
ক্রমাগত সেই বাধার সঙ্গে মানসিকভাবে লড়তে শুরু করেন। এরপর লেখেন, “কোরআনের বিশাল ও ঐশ্বরিক জ্ঞানের মধ্যে আমি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছি। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তার গুণাবলি, তার করুণা এবং তার আদেশের জ্ঞান অর্জনে শান্তি পায়।”
২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দাঙ্গাল’ ছবিতে অভিনয় করেন জায়রা ওয়াসিম। এরপর ‘সিক্রেট সুপারস্টার’ ছিল তার একক সিনেমা। দুই ছবিই দেশ-বিদেশে দারুণ ব্যবসা করেছে। মার্চে শেষ করেছেন ‘দ্য স্কাই ইজ পিংক’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য সিনেমাটিতে প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ১৮ বছরের জায়রা। মাত্র দুই সিনেমার জন্য তিন জাতীয়, ফিল্মফেয়ার-সহ বেশ কিছু পুরস্কার জিতেছেন।
