বুড়িগঙ্গা তীরে দেড়শ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০২:৫৪ এএম

বুড়িগঙ্গার দুই পাড় দখলমুক্ত করতে চতুর্থ ধাপে দ্বিতীয় দিনের অভিযানে প্রায় ১৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। গতকাল বুধবার সকালে কেরানীগঞ্জের মান্দাইল গোকুলচর থেকে শুরু করে জিনজিরা বাঁশপট্টি (বাবুবাজার ব্রিজ) পর্যন্ত অভিযান চলে।

এদিন তিনটি তিনতলা ভবন, আটটি দোতলা ভবন, ২৩টি একতলা ভবন, আধাপাকা ৬৫টি স্থাপনা, ১৪টি সীমানা প্রাচীর, টিনের ঘর ৩৮টিসহ মোট ১৫১টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। বিআইডব্লিটিএ’র বুলডোজারের সাহায্যে একের পর অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

প্রথম দিনের মতো গতকালও উচ্ছেদ হওয়া ভুক্তভোগীরা দাবি করেন, কোনো প্রকার পূর্ব নোটিস ছাড়াই অভিযান পরিচালনা করা হয়। জিনজিরা ফেরিঘাট এলাকায় উচ্ছেদ হওয়া একটি মুড়ির মিলের মালিক সমির জাহান বলেন, ‘এটি আমাদের পৈতৃক সম্পত্তি ছিল। আমার বাবা হাজি বাল্লু মিয়ার নামে জায়গাটির দলিল করা। জায়গাটির নিয়মিত খাজনাও দিই। তারপরও কোনো প্রকার নোটিস ছাড়াই আমার মিলটি ভেঙে দিল।’ লাইফ ফার্মা নামে এক ওষুধের দোকানদার একই অভিযোগ করে বলেন, ‘জায়গা যদি সরকারি হয় তাহলে যারা দখল করে ভাড়া খায় তাদের বিচার করুক। কোনো নোটিস ছাড়া এভাবে ভেঙে দেওয়াটা অযৌক্তিক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত