অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় পুলিশের বিতর্কিত কর্মকর্তা মিজানুর রহমানের (ডিআইজি মিজান) ভাগ্নে এসআই (বরখাস্ত) মাহমুদুল হাসানকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার ঢাকার জেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে আসামির পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী কাজী নজিবুল্লাহ হীরু ও শাহীনুল ইসলাম। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
এর আগে একই মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানকে গত মঙ্গলবার কারাগারে পাঠান এই আদালত।
এর আগের দিন মিজান হাইকোর্টের একটি বেঞ্চে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট তাকে তাৎক্ষনিকভাবে পুলিশে সোপর্দ করেন। পাশাপাশি ২৪ ঘন্টার মধ্যে তাকে বিচারিক আদালতে হাজির করার নির্দেশ দেয়।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান এবং ভাগনে মাহমুদুলের বিরুদ্ধে গত ২৪ জুন মামলা দায়ের করে দুদক।
আসামিদের বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তিন কোটি সাত লাখ ৫ হাজার ২১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ মামলা দায়ের হয়।
