মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কাউকে আ. লীগের সদস্য করা হবে না: কাদের

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০৮:৩৩ পিএম

মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, স্বাধীনতার চেতনাবিরোধী অথবা সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন কাউকে দলের সদস্য করা হবে না বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন বিভাগের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

২১ জুলাই থেকে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু হচ্ছে, পরিবারের কেউ যুদ্ধাপরাধী বা জামায়াত থাকলেও সদস্য হওয়ার ক্ষেত্রে বাধা হবে না, গত সপ্তাহে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ বিষয়ে এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নো, এ কথা আমি বলতে পারি না। আমি এটা বলিনি। আমাদের অবস্থান অত্যন্ত  পরিষ্কার, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতার আদর্শ, বাংলাদেশ রাষ্ট্র জন্মের চেতনার পক্ষে। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, এদের (স্বাধীনতাবিরোধী) মনোনয়ন দেয়া, এদের সদস্য করা- এ ব্যাপারে দলের অবস্থান অত্যন্ত কঠোর। এখানে আপোষকামিতার প্রশ্নই উঠে না।

ওবায়দুল কাদের বলেন, ‘নতুন যে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে এর মাধ্যমে স্বাধীনতা বিরোধী কেউ (আওয়ামী লীগে) আসতে পারবে না।’

বিএনপির কেউ যদি আওয়ামী লীগে আসতে চায় তবে অবস্থান কী হবে- যারা বিএনপি থেকে আসতে চায় সেই ব্যাপারেও দলের অবস্থান, নীতিগতভাবে আমরা চিন্তা-ভাবনা করেই ঠিক করি। সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে আমরা যাদের দেখি, তারা জামায়াত হোক বিএনপি হোক একই ভাবে দেখি।

গত ১০ বছরে বিএনপি-জামায়াত থেকে অনেক অনুপ্রবেশ আওয়ামী লীগে ঘটেছে। তাদের সদস্য পদ নবায়ন হবে কিনা- জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘না, গতবার আমরা নবায়ন করিনি। গত বছর যাদের আমরা নবায়ন করেছি, সেই তালিকায় কোনো স্বাধীনতা বিরোধী বা সম্প্রদায়িক শক্তির অনুপ্রবেশ হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত