বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রত্যেকে যার যার ধর্ম ঠিকমতো পালন করলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। ধর্মকর্ম ছাড়া অশান্তি দূর হবে না। পাশাপাশি যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে।
বনমন্ত্রী বৃহস্পতিবার সিলেট নগরীর কাজলশাহে ইসকন মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মন্ত্রী শাহাব উদ্দিন আরো বলেন, সব দিক থেকেই দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। কিন্তু এরপরও এক শ্রেণির মানুষ দেশে অশান্তি-বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এদেরকে প্রতিহত করতে হবে।
তিনি বলেন, মানুষের মধ্যে মানবতাবোধ জাগ্রত না হলে তা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তাই প্রত্যেককে মানবিক মূল্যবোধ রপ্ত করতে হবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সুব্রত পুরকায়স্থ প্রমুখ।
