গ্যাসের দাম বাড়িয়ে সংসদকে অপমান করা হয়েছে: মেনন

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১২:৪১ এএম

বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাজেটে পণ্যমূল্য না বাড়ানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা ভঙ্গ হয়েছে।

বাজেট অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যে গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণার মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংসদকে অপমান করেছে।

বৃহস্পতিবার বরিশালের বাবুগঞ্জে ইউনিয়ন শাখা সম্পাদকদের এক যৌথ সভায় তিনি এসব বলেন।

মেনন বলেন, সংসদে বাজেট আলোচনায় তিনিসহ অন্যরাও এ বিষয়ে বাজেট-পরবর্তী অধিবেশনের দিনগুলোতে আলোচনা করার প্রস্তাব দিয়েছিলেন। সেসব কথার যে মূল্য নেই, তা বোঝা যাচ্ছে। সংসদে খোলাখুলি আলোচনায় গ্যাসের মূল্য সমন্বয়ের বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যেত। এতে না সংসদ, না সরকার, কার কল্যাণ হলো। এর ফলে গৃহস্থালির খরচের সঙ্গে কৃষকের সার, সেচের বিদ্যুৎ, পোশাক ও সুতাকল শিল্প, পরিবহনসহ অর্থনীতির সব খাতের ব্যয় বৃদ্ধি পাবে।

অন্যদিকে ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিকশা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটি বলেছে, রিকশা বন্ধ হলে স্কুল-কলেজ এবং হাসপাতালে যারা যাতায়াত করবে, তাদের জন্য যাতায়াত কঠিন হয়ে পড়বে। সাধারণ যাত্রীরা বাস মালিক এবং সিএনজিচালিত অটোরিকশার হাতে জিম্মি হয়ে পড়বে। রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে করণীয় নির্ধারণ করতে হবে। ঢাকা সিটি করপোরেশনের একগুঁয়েমি মনোভাবের কারণে রিকশা বন্ধের সিদ্ধান্তে ঢাকাবাসী ভোগান্তিতে পড়বে। দলটি এ সিদ্ধান্তে বাতিলের দাবি জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত