খালেদার হাসপাতালে থাকা সমঝোতার অংশ কিনা জানা নেই: কাদের

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০২:১০ পিএম

সমঝোতার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে না থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন কিনা- সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপির এমপিদের শপথ আর খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে না নেওয়া- সব মিলিয়ে বিএনপির সঙ্গে সরকার কোনো সমঝোতার পথে হাঁটছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “তাদের সঙ্গে কোনো সমঝোতার বিষয়ে আমার জানা নেই।”

তিনি বলেন, বিষয়টি কারা কর্তৃপক্ষ দেখবে। তিনি (খালেদা জিয়া) কতদিন চিকিৎসা নেবেন এবং হাসপাতালে থাকবেন সেটা তাদের দেখার এ বিষয়। আগেও তিনি চিকিৎসা নিয়েছেন।

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা আগেও বলেছি, প্যারোলের আবেদন করলে সরকারের সংশ্লিষ্ট বিভাগ সেটি বিবেচনা করবে। কী অবস্থায় প্যারোল চাওয়া যায়, সেই গ্রাউন্ড খালেদা জিয়ার আছে কিনা সেটিও বিবেচনা করা হবে।

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে তিনি বলেন, উন্নয়নে জ্বালা ধরে বলেই প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। সরকার নয়, দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত