ঠাকুরগাঁওয়ে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে ইঞ্জিনিয়ার নিহত

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০১:৫৫ পিএম

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। শনিবার সকালে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের সদর উপজেলার খোঁচাবাড়ি নামক স্থানে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতের নাম খেজমত আলী (৪০)। তিনি জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার ভবানীপুর গ্রামের হাসান আলীর ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানীতে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আরও ৩ জন আহত হন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, মাইক্রোবাসটি যাত্রী নিয়ে ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। ঐ স্থানে অপরদিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে খেজমত আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটি পালিয়ে গেলেও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

মাইক্রোবাসটি নভোএয়ার বিমান কোম্পানির অনুমতি নিয়ে ঠাকুরগাঁওয়ের পাপন সেল বিমান এজেন্সির মালিক মামুন তার নিজস্ব গাড়িযোগে সৈয়দপুর বিমানবন্দরে ভাড়ায় যাত্রী বহন করতেন। দুর্ঘটনার দিন ড্রাইভার রফিক মাইক্রোবাসটি সৈয়দপুরে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। ঘটনার পর থেকে ড্রাইভার রফিক পলাতক রয়েছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত