ভারতে পুলিশের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ, নিহত ৪

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০৫:৫৮ পিএম

ভারতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে আবার মাওবাদীদের বন্দুকযুদ্ধ হয়েছে। মারা গেছে চারজন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের ধামতারি জেলায়। জঙ্গলে লুকিয়ে থাকা বাকি মাওবাদীদের সন্ধানে এখনও চলছে তল্লাশি।

শুক্রবার রাতে ধামতারি জেলার খাল্লারি এলাকার জঙ্গলে কয়েকজন মাওবাদী লুকিয়ে আছে বলে পুলিশের কাছে খবর আসে। এরপরই সেখানে গিয়ে তল্লাশি শুরু করেন স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা। শনিবার ভোররাতে খাল্লারি ও মেছকা গ্রামের মাঝামাঝি এলাকার জঙ্গলে তল্লাশি চালানোর সময় গুলি ছোড়ে মাওবাদী। পালটা জবাব দেন এসটিএফ-র জওয়ানরাও। এর জেরে তিন মহিলাসহ ৪ মাওবাদীর মৃত্যু হয়েছে।

ছত্তিশগড়ের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অ্যান্টি-নকশাল অপারেশন) সুন্দররাজ পি বলেন, শনিবার সকালে খাল্লারি ও মেছকা গ্রামের মাঝে এসটিএফ-র সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়। পরে লড়াই শেষ হলে ঘটনাস্থল থেকে তিন মহিলাসহ চার মাওবাদীর দেহ উদ্ধার হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত