রাজধানীতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ

গাছের সেবায় ডাক্তার যায় বাড়ি বাড়ি

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১২:১৫ এএম

মানুষের যেকোনো রোগের চিকিৎসায় আছে সরকারি-বেসরকারি হাসপাতাল। আছেন বড় বড় ডিগ্রিধারী চিকিৎসক। কিন্তু গাছের অসুখ করলে তার জন্য হাসপাতাল বা চিকিৎসকের কথা খুব একটা শোনা যায় না। তবে রাজধানী ঢাকায় গাছের চিকিৎসায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ‘গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠন। সংগঠনটি বাড়ি বাড়ি গিয়ে বাগান করে দেওয়ার পাশাপাশি গাছের যেকোনো সমস্যা হলেই পাঠায় একজন পরিচর্যাকারী বা গাছের ডাক্তার। এ ছাড়া জরুরি সেবার জন্য আছে হাসপাতাল ও অ্যাম্বুলেন্স সেবা।

সরেজমিনে আগারগাঁও পরিবেশ অধিদপ্তরের সামনে গিয়ে দেখা যায় ছোট্ট একটু জায়গা। একটা সবুজ রঙের সাইনবোর্ডে লেখা গাছের হাসপাতাল। তার সামনে দাঁড় করিয়ে রাখা একটি গাড়ি। এ গাড়িটি আসলে গাছের অ্যাম্বুলেন্স। ঢাকা উত্তর সিটি করপোরেশনের দেওয়া এই গাড়িটি দিয়েই ‘গ্রিন সেভার্স’ প্রতিনিয়ত গাছের সেবা দিয়ে আসছে। তাদের এ ব্যতিক্রমধর্মী গাছের সেবা চালু হয় প্রায় আট বছর আগে। হাসপাতালে সবসময় থাকেন গাছের ডাক্তারও। হাসপাতালের ভেতরে ঢুকে দেখা গেল, সারি সারি টবের মধ্যে গাছ লাগানো। আম, পেয়ারা, কামরাঙা, লেবুসহ হরেকরকম গাছ।

বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন ডাক্তাররা। সাইকেলের পেছনে থাকে একটি বাক্স। ভেতরে গাছের জন্য নানা ওষুধ আর গাছ পরিচর্যার যন্ত্রপাতি। যেসব বাড়িতে গ্রিন সেভার্সের করা ছাদ বাগান আছে সেখানে নিয়মিত দেখভাল করাই তাদের কাজ।

প্রতিষ্ঠানটির লক্ষ্য ১০ হাজার কর্মসংস্থান তৈরির পাশাপাশি ঢাকাকে একটি সবুজের নগরে পরিণত করা। এই সংগঠনের আরেকটি কাজ হলো প্রজেক্ট অক্সিজেন ব্যাংক। স্কুলশিক্ষার্থীদের গাছ লাগানো এবং পরিচর্যা শেখানোর মধ্য দিয়ে গাছের প্রতি তাদের ভালোবাসা তৈরি করাই মূল লক্ষ্য।

কথা হয় গাছের হাসপাতালের প্রতিষ্ঠাতা আহসান রনির সঙ্গে। এক প্রশ্নের জবাবে তিনি দেশ রূপান্তরকে বলেন, মানুষের যেমন প্রাণ আছে, তেমনি গাছেরও প্রাণ আছে। এ ছাড়া গাছ আমাদের প্রতিনিয়ত বাঁচিয়ে রাখে। মানুষের বেঁচে থাকার জন্য হলেও গাছকে বাঁচাতে হবে, তাই এ উদ্যোগ। তিনি বলেন, যারা বাড়ির ছাদে বাগান, বেলকনিতে বাগান করতে চায় তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা কোথায় গাছ পাবে, কোথায় টব পাবে, কোথায় মাটি? আবার অনেক সময় দেখা যায়, গাছের যতœ করার কেউ থাকে না। তাই আমরা এই সেবা দিয়ে থাকি, যাতে করে এক স্থান থেকে সব সুবিধা পাওয়া যায়। এ ছাড়া আমাদের হেল্প লাইনে কল দিলে গ্রাহকরা পেতে পারেন নানা পরামর্শ।  তিনি আরও বলেন, আমরা সাপ্তাহিক, মাসিক কিস্তিতে বাড়ি বাড়ি গিয়ে গাছের পরিচর্যা করে থাকি। গাছের চিকিৎসা করতে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানে পড়ার সময়েই আহসান রনি গড়ে তোলেন সবুজ বাঁচানোর সংগঠন গ্রিন সেভার্স। বর্তমানে তার এ প্রতিষ্ঠানে ২৩ জন গাছের ডাক্তার রয়েছেন। রাজধানীর আশপাশের এলাকা অনুযায়ী ডাক্তারদের জন্য ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা আছে। ফির টাকা পরিবেশবান্ধব সংগঠন গ্রিন সেভার্সে জমা হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত