বিশ্বকাপে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দিন ৩৮ বছরে পা দিলেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভার সঙ্গে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করলেন মাহি। ঘরোয়া পার্টিতে উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার সদস্যরাও।
লিডসের হেডিংলিতে শনিবার শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারায় ভারত। ৩৯ বল হাতে রেখেই মাত্র তিন উইকেট হারিয়ে লোকেশ রাহুল ও রোহিত শর্মার সেঞ্চুরিতে জয়ের জন্য ৩৬৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় বিরাট কোহলির দল। ম্যাচ শেষেই রাতে নিজের জন্মদিন পালন করেন ধোনি। মুখে কেকের ক্রিম মাখা অবস্থায় মেয়ে জিভার সঙ্গে নাচলেনও তিনি। ছোট্ট মেয়ের সঙ্গে মাহির এই নাচের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল।
নিজের ইনস্টাগ্রামে ধোনির কেক কাটার ভিডিও ও ছবি পোস্ট করেছেন স্ত্রী সাক্ষী সিং ধোনি। মেয়ে জিভাকে নিয়ে কেক কাটেন ধোনি। জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন হার্দিক পান্ডিয়া। প্রিয় 'মাহি ভাই'-এর সঙ্গে হেলিকপ্টার শটের ভঙ্গিমায় ভিডিও বানাতে দেখা গেল তাকে। নিজের ইনস্টাগ্রামে হার্দিক পান্ডিয়া লিখলেন, “আপনার কাছ থেকে প্রতিদিনই নতুন কিছু শিখি। আমার জীবনের অনুপ্রেরণা হওয়ার জন্য ধন্যবাদ।”
ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থ কেদার যাদবও। ধোনির জন্মদিনের পার্টির ছবি পোস্ট করেছেন তিনি। জিভাকে কোলে নিয়ে ছবি তুলেছেন। নিজের পরিবার, কাছের বন্ধু ও দলের সদস্যদের সঙ্গে নিজের জন্মদিন সেলিব্রেশনটা ভালোই হলো ভারত দলের সবচেয়ে অভিজ্ঞ এই খেলোয়াড়ের।
চলতি বিশ্বকাপে এমএস ধোনির ব্যাট থেকে সাত ম্যাচে এখন পর্যন্ত এসেছে ২২৩ রান। শনিবারের ম্যাচে শ্রীলঙ্কার বপক্ষে ২৬৫ রান তাড়া করতে ব্যাট হাতে দেখা যায়নি তাকে।
বিশ্বকাপের পড়েই ধোনি অবসর নেবেন বলে জোর গুঞ্জন। যদিও বিষয়টা নিয়ে এখনই মাথা ঘামাচ্ছেন না বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার সাবেক এই অধিনায়ক।
