সিরাজগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁত শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটে। নিহত তাঁত শ্রমিক কামারখন্দ উপজেলার তেঘুড়ি গ্রামের ফজলে মণ্ডলের ছেলে আমজাদ মণ্ডল (৪২)।
খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতর ছোট ভাই লিটন ও ভাগনে নাজমুল হাসান বলেন, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আমজাদ মণ্ডলকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, রোববার দুপুরে এ হত্যার ঘটনায় নিহত আমজাদ মণ্ডলের স্ত্রী নাসিমা বেগম (৩৬) বাদী হয়ে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে ৫ জনকে নামে ও অজ্ঞাত ৪ জনসহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের পরপরই পুলিশ আসামি হাফিজুল ইসলাম(৪০) কে উপজেলার পাইকসা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। অপর আসামিরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলেও জানান তিনি।
