বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা বলেছেন, কোনো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি না করলে এবং প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশ না দিলে প্রশাসন গা করে না।
রোববার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশে রুমিন ফারহানা এসব বলেন।
তিনি বলেন, বরগুনায় প্রকাশ্যে হত্যাকাণ্ডের শিকার রিফাত শরীফ ভাগ্যবান। কারণ তাকে হত্যার ভিডিও ফেসবুকে এসেছে।
রুমিন ফারহানা বলেন, গত এক মাসে ২২ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু ওই হত্যাকারীদের ধরতে কোনো তৎপরতা দেখা যায়নি।
তিনি বলেন, জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকার ফলে পুলিশকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছে। তাদের ‘যাবতীয় মুরোদ’ দেখা যায় বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা, গ্রেপ্তার, নির্যাতন আর কারাগারে প্রেরণের মধ্য দিয়ে।
বিএনপির এ নারী আসনের এমপি বলেন, অপরাধীকে গ্রেপ্তার করা পুলিশের একটি রুটিন কাজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যতক্ষণ পর্যন্ত ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি না করে এবং প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশ না দেন, ততক্ষণ পর্যন্ত সেটার প্রতি প্রশাসনের তেমন কোনো মনোযোগ থাকে না। ঘটনা ঘটলেই এখন দেখতে পাই, ‘প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।’
রুমিন ফারহানা বলেন, ‘প্রধানমন্ত্রী তো নির্বাহী বিভাগের প্রধান। বিচার করার জন্য আইন আদালত বিচার বিভাগ আছে। বিচার চাইতেই বা হবে কেন? যদি পুলিশ প্রশাসন, আদালত তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে বিচার চাইবার কোনো প্রশ্ন ওঠে না।’
