‘ঢামেকে হবে বাইপাস সার্জারি’

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০১:৫৬ এএম

এখন থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বাইপাস সার্জারি করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক স্বপন। গতকাল রবিবার কার্ডিয়াক সার্জারি ও ভাস্কুলার সার্জারি বিভাগের উদ্বোধন শেষে তিনি বলেন, ‘আমাদের দেশে যারা হৃদরোগে আক্রান্ত, হার্টে ফুটো, যাদের বাইপাস করা লাগবে তারা এখন থেকে এই ইউনিটে সেবা নিতে পারবেন। এতদিন এই হাসপাতালে এই সেবা ছিল না। ২৭ কোটি টাকা খরচে এই বিভাগ চালু করা হয়েছে। এখানে ডাক্তার, নার্সসহ সবাইকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’

হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এই বিভাগ। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম ও শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

মন্ত্রী বলেন, এই বিভাগ চালুর ফলে নামমাত্র মূল্যে সেবা পাবে দেশের মানুষ। আগে যারা দেশের বাইরে গিয়ে সার্জারি করাতে পারত না, আবার যারা বাইরে গিয়ে প্রচুর পরিমাণ টাকা খরচ করত তারা এখন এই হাসপাতালেই সেবা পাবেন।

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, এই বিভাগে অত্যাধুনিক ১টি কার্ডিয়াক ও ১টি ভাস্কুলার সার্জারি অপারেশন থিয়েটার, ৬ শয্যাবিশিষ্ট কার্ডিয়াক আইসিইউ, ৬ শয্যার এইচডিইউ, ১০ শয্যার পুরুষ ও মহিলা ওয়ার্ড রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত