রাজধানীর ভাটারা, ময়মনসিংহের ভালুকা ও রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল সকালে ও আগের রাতের এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর
ঢাকা : গত শনিবার গভীর রাতে ভাটারা থানার সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়িচাপায় অজ্ঞাতনামা এক নারী (৪৫) নিহত
হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ভালুকা (ময়মনসিংহ) : গতকাল ভোরে ভালুকা উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে ঢাকাগামী শৌখিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ভালুকার মনির উদ্দিন (৩৫), শরিফুল (৩৯), আতিউল (৩২), গোলাম মোস্তফা (৪৯), তপন দাস (৩২,) মোতালেব (৫০), মাজহারুল (২২) ও পার্শ্ববর্তী উপজেলা ত্রিশালের ইলিয়াস (৪২), বগারবাজারের মান্নান (৪৫) নামে ১০ যাত্রী গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মনির মারা যান। তিনি ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়র্ডের আবদুল বারেক মিয়ার ছেলে।
রংপুর : মিঠাপুকুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ যাত্রী হাচেন আলী (৩৪) নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বৈরাগীগঞ্জে আকুরপাকি এলাকার এ দুর্ঘটনায় পিকআপ চালক ও সহকারী আহত হয়েছে। হাচেন পূর্ব বৈরাগীগঞ্জ এলাকার দিনমজুর আবেদ আলীর ছেলে। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
