রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর মুগদায় সড়ক অবরোধ করে রিকশা চালকদের অবস্থান নিয়েছে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার সকাল ৯টার দিকে রিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
রিকশা চালকরা জানান, কিছু সড়কে রিকশা চালানো বন্ধ করে দেওয়ায় তাদের আয়ের পথ হচ্ছে। অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা সড়কে ফের রিকশা চালাতে দেওয়ার দাবি জানান তারা।
রবিবার থেকে রাজধানীর প্রধান দুই রুটের তিনটি সড়কে রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
গাবতলী থেকে মিরপুর রোড হয়ে আজিমপুর ও সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত এবং কুড়িল থেকে বাড্ডা, রামপুরা, খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত প্রধান সড়কে রিকশা, ভ্যানসহ অবৈধ এবং অনুমোদনবিহীন অন্য যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।
রিকশা চলাচলে নিয়ন্ত্রণ আরোপ হওয়ায় রবিবার ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। প্রধান সড়কে রিকশা চলতে না পারায় সংযুক্ত গলির মুখে তীব্র যানজটের সৃষ্টি হয়। ১০ মিনিটের দূরত্বে পৌঁছতে এক ঘণ্টারও বেশি সময় লাগার কথা জানিয়েছেন যাত্রী ও চালকরা।
