নানা পাটেকরের বিরুদ্ধে অক্টোবরে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছিলেন সাবেক মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। দাবি করেন, ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং চলাকালে তার সঙ্গে অভব্য আচরণ করেন এই বর্ষীয়ান অভিনেতা।
ওই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি একটি বি সামারি রিপোর্ট জমা দিয়েছে মুম্বাই পুলিশ। যেখানে বলা হচ্ছে, অভিযুক্তের বিরুদ্ধে কোনো তথ্যপ্রমাণ মেলেনি। কিন্তু তনুশ্রী এই রিপোর্ট মানতে নারাজ।
নায়িকার আইনজীবী ইতিমধ্যেই জানিয়েছেন, এই রিপোর্টের বিরোধিতা করে আদালতে একটি অ্যাফিডেভিট পেশ করবেন তারা। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৭ সেপ্টেম্বর।
১১ বছর আগে কী ঘটেছিল, তা জানতে পুলিশ দ্বারস্থ হন ওই দিন শুটিংয়ে উপস্থিত দুজন জুনিয়র কোরিওগ্রাফারের। তাদের বয়ান অনুযায়ী, ‘হর্ন ওকে প্লিজ’-এর একটি আইটেম গানে নানা ও তনুশ্রীর পারফর্ম করার কথা ছিল।
এক প্রত্যক্ষদর্শী জানান, নানা ও তনুশ্রী আলাদা আলাদা জোনে দাঁড়িয়ে তাদের নাচ ঠিক করে নিচ্ছিলেন। ‘খামোশি’ অভিনেতা যেহেতু ভালো করে নাচতে পারেন না, তাই তাকে অনেকটা সময় দিতে হয়েছিল মুদ্রা রপ্ত করতে।
যখন শুটিং শুরু হয়, তখন তনুশ্রীর পেছনে দাঁড়িয়েছিলেন নানা। কিন্তু দুজনের মধ্যে বেশ কয়েক ফুটের দূরত্ব ছিল। প্রত্যক্ষদর্শী জানান, নাচের দৃশ্যের শুটিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তনুশ্রী অত্যন্ত রেগে গিয়ে ফ্লোর থেকে বেরিয়ে যান।
তনুশ্রীর অভিযোগ ওই দৃশ্যের সময় নানা তার সঙ্গে অভব্যতা করেন। তবে শুধু অভিনেতাই নয়, একই সঙ্গে কোরিওগ্রাফার গণেশ আচার্য, প্রযোজক সমীর সিদ্দিকি ও পরিচালক রাকেশ সারংয়ের বিরুদ্ধেও হেনস্তার অভিযোগ আনেন নায়িকা।
মুম্বাই পুলিশের সাম্প্রতিক বি সামারি রিপোর্টে এদের কারো বিরুদ্ধে প্রমাণ নেই বলে জানানো হয়েছে। কিন্তু তনুশ্রী দত্ত ওই তদন্ত রিপোর্ট মানতে নারাজ।
