সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের একদিন পর পোলট্রি ব্যবসায়ী দবির মোল্লার (৬২) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে পুলিশ হুরাসাগর নদী থেকে ভাসমান অবস্থয় তার লাশ উদ্ধার করে।
নিহত দবির মোল্লা উপজেলার পোরজনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জোতপাড়া গ্রামের মৃত তাহাজ মোল্লার ছেলে।
নিহতর ছেলে নিয়ামত হোসেন ও ভাতিজা ইছাক আলী জানান, রোববার দুপুরের পর পোলট্রি ব্যবসায়ী দবির মোল্লা বাড়ি থেকে বের হয়ে জামিরতা বাজারে যায়। গভীর রাত হয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। রাতভর বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সোমবার সকালে এলাকাবাসী হুরাসাগর নদীতে তার লাশ ভাসতে দেখে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
তারা আরও বলেন, পূর্ব শক্রতার জের ধরে ঘাতকরা পরিকল্পিতভাবে তাকে অপহরণের পর শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করতে নদীতে ফেলে দিয়েছে। তারা এ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, প্রাথমিকভাবে এটাকে হত্যা বলেই মনে হচ্ছে- পূর্ব শক্রতার জের ধরে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে নদীতে ফেলে দিয়েছে।
তিনি বলেন, বিষয়টি নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে নিহত হওয়ার প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বা স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
