সোনারগাঁয়ে বিজয় হোসেন (১৮) নামে এক যুবককে অপহরণ করার সময় আটজনকে জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
গত রবিবার দুপুরে উপজেলার সোনারগাঁ পৌরসভার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। বিজয়ের মা নুরতাজ বেগম গতকাল সোমবার দুপুরে সোনারগাঁ থানায় মামলা করেছেন।
গতকাল দুপুরে সোনারগাঁ থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ে জানায়, সোনারগাঁ পৌরসভার গোয়ালদী মহল্লার গোলজার হোসেনের ছেলে বিজয় হোসেন বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর সংলগ্ন একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।
গত রবিবার দুপুরে ছুটি শেষে বাড়ি ফেরার পথে ছাপেরবন্দ সেতুর ওপর থেকে গাড়িতে তুলে পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন এসে গাড়িটির গতিরোধ করে অপহরণকারীদের গণপিটুনি দেয়।
পরে খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ গিয়ে অপহরণ করার কাজে ব্যবহৃত গাড়িসহ ফজলে রাব্বি ওরফে রাব্বি (১৯), হিমু (২৩), সজীব (২০), ইয়াসিন (২০), আরিফ (২২), মেহেদী হাসান (১৯), রিয়াদ (২৩) ও গাড়িচালক ফজলুল হক ওরফে ফজল (২৩) নামে আটজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার আট অপহরণকারীকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
