টাকা চেয়ে চাকরিপ্রার্থীকে হুমকি: আ. লীগ কর্মী কারাগারে

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১১:৫৯ পিএম

কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি এবং না দিলে চাকরিপ্রার্থীকে অপহরণের হুমকি দেওয়ার মামলায় কানাইঘাটে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রবিবার রাতে আলী আহমদ (৪৫) নামে ওই কর্মীকে গ্রেপ্তারের পর গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি উপজেলার পূর্ণখোলা গ্রামের বাসিন্দা।

কানাইঘাট থানার ওসি আবদুল আহাদ জানান, কনস্টেবল পদে সদ্য চাকরি হওয়া কানাইঘাট উপজেলার জুলাই গ্রামের ইমরান হোসেনের মা আনোয়ারা বেগম আলী এবং তার সহযোগী জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তারের বিরুদ্ধে মামলা করেছেন। সেই মামলায় আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সাত্তারকে গ্রেপ্তারের চেষ্টা চালছে।

মামলার এজাহার উদ্বৃত করে ওসি জানান, ইমরানকে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে আলী ও আব্দুস ৫ লাখ টাকা দাবি করে। গত ২৮ জুন একই গ্রামের খলিল আহমদের বাড়িতে ইমরানের মা-বাবাকে ডেকে নিয়ে আলী বলেন, ‘সরকারের অনেক মন্ত্রী-এমপি ও প্রশাসনের বড় কর্মকর্তাদের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। টাকা দিলে ইমরানের চাকরি নিশ্চিত হয়ে যাবে।’ তখন ইমরানের মা-বাবা এত টাকা দিতে পারবেন না জানিয়ে দেন। ওই সময় মোবাইল ফোনে আব্দুস সাত্তারও টাকা দেওয়া জন্য চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে স্বাভাবিকভাবেই লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয় ইমরান। পরে আলী ও সাত্তার তাদের কাছে টাকা দাবি করে এবং না দিলে ছেলেকে অপহরণ করবে ও চাকরি করতে দিবে না বলে হুমকি দেয়।

স্থানীয়রা জানান, আলী উপজেলার সাতবাক ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত