ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় দেশটির ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধানের দায়িত্ব পেয়েছেন।
ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে জানায়, ১ জুলাই থেকেই দায়িত্ব নেওয়ার কথা ছিল দ্রাবিড়ের। কিন্তু দ্রাবিড়ের চাকরিস্থল ইন্ডিয়া সিমেন্টস তাকে ছাড়তে চাইছিল না। কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) তখন দ্রাবিড়কে ইন্ডিয়া সিমেন্টসের সহ–সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেয়।
এরপর ইন্ডিয়া সিমেন্টস জানায়, দ্রাবিড় যত দিন এনসিএর দায়িত্বে থাকবেন, তত দিন ইন্ডিয়া সিমেন্টসের সহ–সভাপতির পদে থাকবেন না। তবে এনসিএ থেকে অব্যাহতি পেলে দ্রাবিড় আবার ইন্ডিয়া সিমেন্টসে ফিরবেন।
বিসিসিআই জানিয়েছে, দ্রাবিড় জাতীয় ক্রিকেট একাডেমির সঙ্গে সম্পর্কিত সব কাজেরই মনিটরিং করবেন। এনসিএর কোচিং, ক্রিকেটারদের মোটিভেশন, ট্রেনিং, কোচ এবং সাপোর্ট স্টাফদের নিয়ে কাজ করবেন এই কিংবদন্তি।
এ ছাড়া পুরুষ ও নারী জাতীয় দল, ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ দলের ট্রেনিং ও ডেভেলপমেন্টের বিষয়েও তদারকি করবেন দ্রাবিড়।
