কেরানীগঞ্জে এক ভুয়া এনএসআই কর্মকর্তা ও সিদ্ধিরগঞ্জে দুই ভুয়া ডাক্তার গ্রেপ্তার করা হয়েছে পৃথক অভিযানে। কেরানীগঞ্জে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেপ্তার করে পুলিশ গতকাল মঙ্গলবার আর গত সোমবার রাতে র্যাব-১১ আটক করে দুই ভুয়া ডাক্তারকে। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবরÑ
কেরানীগঞ্জ : কেরানীগঞ্জে এক ভুয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সঞ্জয় বিশ^াস (৩৬) গোপালগঞ্জ জেলার কাশিয়ানির দক্ষিণ ফুকরা গ্রামের বাসিন্দা।
কেরানীগঞ্জ মডেল থানার আটি ক্যাম্পের ইনচার্জ এসআই সাদিকুর রহমান জানান, ঘাটারচর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় সঞ্জয় বিশ^াসকে ওই এলাকায় দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সঞ্জয় বিশ^াস নিজেকে এনএসআইয়ের কর্মকর্তা এবং আটি এলাকার এনএসআই ইনচার্জ বলে পরিচয় দেন এবং মাদকের বিরুদ্ধে অভিযানের ব্যাপারে কৈফিয়ত চান। পুলিশ সদস্যদের ধমকও দেন। তার কথাবার্তায় পুলিশের সন্দেহ হয়। পুলিশ সদস্যরা ঊর্ধ্বর্তন কর্মকর্তাদের বিষয়টি জানালে তাকে আটক করা হয়। আটক করে সঞ্জয়ের দেহ তল্লাশি করে এনএসআইয়ের একটি আইডি ভুয়া কার্ড ও তার জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে একপর্যায়ে তিনি নিজেকে মাইক্রোবাস ড্রাইভার বলে স্বীকার করেন।
সিদ্ধিরগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন এক প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে দুই ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব-১১। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটকরা হলোÑ পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন (৪৩) ও চেয়ারম্যান মায়া বেগম (৩৬)। এ সময় তাদের কাছ থেকে ডাক্তার হিসেবে রোগী দেখার প্রেসক্রিপশন, বিভিন্ন প্যাথলজিক্যাল রিপোর্ট, এক্স-রে রিপোর্ট ও আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চিটাগাং রোডস্থ হাজী রজ্জব আলী সুপার মার্কেটের তৃতীয় তলায় সরকারি অনুমতি ছাড়াই ‘পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ল্যাব’ গড়ে তুলে ওই দুজন নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে গত দুই বছর ধরে রোগী দেখে আসছিল।
