মালিক সমিতির দ্বন্দ্বের অবসান

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮ রুটে বাস চলাচল শুরু

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১১:০৩ পিএম

তিন মালিক সমিতির দ্বন্দ্বের অবসান হওয়ায় ২৩ দিন বন্ধ থাকার পর বরিশাল-ঝালকাঠিসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮টি রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাসের আহ্বানে গত সোমবার রাতে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি বাস মালিক সমিতি সমঝোতা বৈঠক হয়। বৈঠকে দ্বন্দ্ব নিরসন করে ১৮ রুটে সরাসরি বাস চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। বরিশাল থেকে এসব রুটে আজ মঙ্গলবার সকাল থেকে আবারও বাস চলাচল শুরু হয়েছে।

ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির কর্মকর্তারা জানান, ঝালকাঠির বাসচালককে চাঁদার দাবিতে মারধরের প্রতিবাদে ঝালকাঠি বাস মালিক সমিতি অভ্যন্তরীণ রুটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল। এর পর থেকে রূপাতলী স্ট্যান্ডের পরিবর্তে ঝালকাঠির কালিজিরা এলাকার অস্থায়ী বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল শুরু করে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত