বিএনপি ও গণফোরামের সংসদ সদস্যদের সংসদীয় কমিটির সদস্য করতে পাঁচটি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংসদে মাগরিবের নামাজে বিরতির পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরীর পৃথক পৃথক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কমিটিগুলো পুনর্গঠন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে কার্যউপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছে। তাকে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সদস্যও করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির হারুনুর রশীদ স্থান পেয়েছেন সংসদ কমিটিতে। গণফোরামের সংসদ সদস্য সুলতান মো. মনসুর আহমেদকে বিশেষ অধিকার কমিটির সদস্য করা হয়েছে। গণফোরামের আরেক সদস্য মোকাব্বির খানকে লাইব্রেরি কমিটির সদস্য করা হয়েছে।
