ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকার আহ্বান ইইউর

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১১:৫২ পিএম

২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে বেশিমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পদক্ষেপ থেকে ইরানকে সরে আসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের ইইউ’র এক মুখপাত্র এ আহ্বান জানান বলে জানিয়েছে বিবিসি। ওই মুখপাত্র বলেন, ‘আমরা পারমাণবিক চুক্তি লঙ্ঘন হয় এমন আর কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য ইরানকে আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে জেসিপিওএ’র সঙ্গে সংগতিপূর্ণ নয় এমন কোনো কর্মকাণ্ড বন্ধ করা বা তা থেকে তাদের সরে আসার আহ্বান জানাচ্ছি।’

২০১৫ সালের পারমাণবিক চুক্তিটিকে আনুষ্ঠানিকভাবে ‘দ্য জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন’ (জেসিপিওএ) বলা হয়। ইরানের সঙ্গে বিশ্বের ছয় শক্তিধর দেশের স্বাক্ষরিত এ পরমাণু চুক্তিতে বলা হয়েছিল, ইরান ৩ দশমিক ৬৭ শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না এবং সমৃদ্ধ ইউরেনিয়াম ৩শ’ কেজির বেশি মজুদ রাখতে পারবে না। ইরান এরই মধ্যে এ সীমা অতিক্রম করে গেছে বলে ঘোষণা দিয়েছে। এর পরের ধাপে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরও বাড়িয়ে ২০ শতাংশে চলে যাওয়ারও হুমকি দিয়েছে। ইরানের নতুন এ হুমকির পরই ইইউ মুখপাত্র দেশটিকে আর কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানালেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত