ভুয়া দরপত্র ও কার্যাদেশ দিয়ে প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে সাতক্ষীরার সাবেক সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনায় মামলাটি করেন প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জালাল উদ্দিন। আসামিরা হলো সাবেক সিভিল সার্জন ডা. তাওহীদুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের স্টোর কিপার এ কে এম ফজলুল হক, হিসাবরক্ষক আনোয়ার হোসেন, ঠিকাদার মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকেল কোম্পানির স্বত্বাধিকারী জাহের উদ্দিন সরকার, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা দিনাজপুরের ফুলবাড়ীর আবদুর ছাত্তার সরকার, আহসান হাবিব, আসাদুর রহমান, মাদারীপুরের কাজী আবু বকর সিদ্দীক ও ঢাকার নিমিউ অ্যান্ড টিসির সহকারী প্রকৌশলী এ এইচ এম আবদুস কুদ্দুস।
অভিযোগে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে দরপত্র আহ্বান করা হয়। এসব দরপত্র সংগ্রহ করে দরপত্র মূল্যায়ন ও কার্যাদেশ দেওয়া হয় জালিয়াতির মাধ্যমে। এই জালিয়াতির মাধ্যমে তিনটি মিথ্যা বিলের বিপরীতে মোট ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করা হয়।
