পাবনায় গ্রেপ্তারের পর ’বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

আপডেট : ১০ জুলাই ২০১৯, ০৯:৫২ এএম

পাবনায় সন্ধ্যায় আটকের পর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম গেদা ওরফে গেদালাল (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সুজানগর উপজেলার হাসামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওরফে গেদালাল উপজেলার নরসিংহপুর গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে।

পুলিশের দাবি, নিহত সাইফুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে পাবনা ও মানিকগঞ্জ থানায় কয়েকটি মামলা রয়েছে।

সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে সাইফুল ইসলাম গেদালালকে আটক করে সুজানগর থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য রাত আড়াইটার দিকে অভিযানে যায় পুলিশ।

উপজেলার হাসামপুর ঈদগাহ মাঠের সামনে পৌঁছামাত্র উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তার সহযোগী ডাকাত সদস্যরা।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাইফুল ইসলাম ওরফে গেদালালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, দু’টি গুলির খোসা, একটি হাঁসুয়া, একটি ড্যাগার, একটি কিরিচ, একটি প্লাস, দু’টি টর্চলাইট উদ্ধার করা হয়।

এ ঘটনায় ৩ পুলিশ সদস্য এসআই মিনারুল ইসলাম, কনস্টেবল আমজাদ ও কনস্টেবল নুরুল ইসলাম আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত