ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচটি রিজার্ভ ডে-তে গড়ানোয় ভারত সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন মন্টি পানেসর। সাবেক এই ইংলিশ স্পিনার মনে করেন, কিছু বিষয় মাথায় নিয়ে খেললে যে লক্ষ্যই হোক না কেন তা অতিক্রম করা ভারতের জন্য কঠিন কিছু নয়।
মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমেছিল কিউইরা। দলটি ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান করার পর বৃষ্টি হানা দেয়। এরপর আর খেলা শুরু করা না গেলে রিজার্ভ ডে-তে গড়ায় ম্যাচ। বুধবার ম্যাচের বাকী অংশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সংস্থা এএনআইকে পানেসার বলেন, ‘‘আমি মনে করি একদিন বিরতি ভারতকে সাহায্য করবে। তারা ইতিমধ্যে এই উইকেটে বল করে ফেলেছে। তারা জানে কত রান এই উইকেটে চেজ করা সম্ভব।’’
ওল্ড ট্রাফোর্ডে এবারের বিশ্বকাপে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে, সবগুলোতেই জিতেছে আগে ব্যাট করা দল। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে কিউইরা আগে ব্যাট করতে নেমে ভারতের বোলিংয়ের সামনে মোটেও সুবিধা করতে পারেনি। জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাদেজা দুর্দান্ত বল করেন।
ভারতের বোলিংয়ের কথা উল্লেখ করে পানেসর বলেন, ‘‘তারা দুর্দান্ত করেছে। তাই আমি মনে করি ভারত এই ম্যাচ জেতার বিষয়ে এগিয়ে থাকবে। যদি না আগামীকাল (বুধবার) সুইং কোনো সমস্যা না হয়ে দাঁড়ায়।’’
বুধবার আরো ৩.৫ ওভার বল করবে বল করতে হবে ভারতকে। পানেসর কোহলিদের মনে করিয়ে দিচ্ছেন, ‘‘তাদের শুধু নিশ্চিত করতে হবে ২৫০ এর বেশি রান তাদের তাড়া করতে হবে না। এর মধ্যে হলে ভারত সেটি খুব অনায়াসে পেরিয়ে যাবে।’’
তবে বুধবারও যদি বৃষ্টি হয়? কন্ডিশনের কথা উল্লেখ করে পানেসর বলেন, ‘‘যদি বুধবার সকালে বৃষ্টি হয়, তবে তা নিউজিল্যান্ড বোলারদের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, কিছু ওভার বাকি আছে। ২২০ লক্ষ্য হলে এটা অবশ্যই পেরিয়ে যাওয়া সম্ভব। তাদের কোনো ঝুঁকি পূর্ণ শট খেলার দরকার নেই।’’
বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে খেলা। রিজার্ভ ডে-তেও বৃষ্টি হলে কপাল পুড়তে পারে ভারতের। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে দুই দল অন্তত ২০ ওভার না খেললে জয়ী দল নির্ধারণ করা সম্ভব নয়। সে ক্ষেত্রে লিগ পর্বে পয়েন্টে এগিয়ে থাকার সুবিধা নিয়ে ফাইনালে চলে যাবে ভারত।
