ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ১০ জুলাই ২০১৯, ০২:৩০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর কামরুন নাহার তুর্না হত্যা মামলায় তার স্বামী আরিফুল হক রনিকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রনি আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আমিরুল হকের ছেলে। রনি এ মামলার একমাত্র আসামি। তিনি পলাপতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের জানুয়ারি মাসে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আমিরুল হকের ছেলে আরিফুল হক রনির সাঙ্গে তার চাচাতো বোন কামরুন নাহার তুর্নার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে কলহ দেখা দেয়।

এ কলহের জেরে গত ২০১৭ সালের ২৪ এপ্রিল দিবাগত রাত বা পরদিন সকালের কোনো এক সময়ে তুর্নাকে বালিশচাপা দিয়ে শ্বারোধ করে হত্যা করা হয়। এরপর তার মরদেহ বাড়ির একটি পরিত্যক্ত পানির ট্যাংকে লুকিয়ে রাখা হয়। হত্যার সময় তুর্না তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এ ঘটনায় ২৫ এপ্রিল তুর্নার স্বামী রনিকে আসামি করে আশুগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন তার বাবা মফিজুল হক।

আশুগঞ্জ থানার তৎকালীন ওসি মো. বদরুল আলম তালুকদার মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে রনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এরপর তিনি জামিনে কারমুক্ত হয়ে গা ঢাকা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত