মানিকগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শরিফুল ইসলাম সেন্টু (৩৬) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠালে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।
শরিফুল ইসলাম সেন্টু দৌলতপুর প্রমোদা সুন্দরী মডেল উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক।
শিক্ষার্থীর বাবা বলেন, আমি সিএনজি চালিয়ে সংসার চালাই। আমার মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। আমার মেয়েকে একাধিকবার শিক্ষক সেন্টু নানাভাবে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি আমাকে জানালেও লোক-লজ্জার ভয়ে এ বিষয়ে কাউকে জানাইনি। কিন্তু মঙ্গলবার দুপুরে স্কুল প্রাঙ্গণে সহপাঠীদের সাথে ফুটবল খেলার সময় শ্বাসকষ্টে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আমার কন্যা। পরে তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার বলেন, হাসপাতালে ওই ছাত্রীর সঙ্গে তার কথা হয়েছে। সে শিক্ষকের যৌন নিপীড়নের বর্ণনা দেওয়ার সময় অনেক কাঁদছিল।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে মঙ্গলবার রাতেই সেন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
