বান্দরবানের রুমা উপজেলার চুংসং খাল পার হতে গিয়ে স্রোতে ভেসে একজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরেকজন।
গতকাল বুধবার সকাল ৮টার দিকে সৎকারের উদ্দেশ্যে একটি মরদেহ নিয়ে খাল পারের সময় তীব্র স্রোতে ভেসে যান লাল সমদির বম (৩০) ও লালহুনসাং বম (১২)। তারা চুংসংপাড়ার বাসিন্দা। সম্পর্কে চাচা-ভাতিজা। বৃষ্টির পাহাড়ি ঢলে খালগুলোতে এখন তীব্র স্রোত বইছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জোয়েল বম জানান, বান্দরবানের একটি ক্লিনিকে মারা যাওয়া এক ব্যক্তির লাশ বুধবার সকালে পাড়ায় নিতে আসেন কজন বাসিন্দা।
তারা কফিন নিয়ে চুংসং খাল পার হওয়ার সময় স্রোতে ভেসে যান চাচা ও ভাতিজা। বিকেল ৫টার দিকে চাচা লাল সমদির বমের মরদেহ খালের পানিতে ভাসতে দেখে সেটি উদ্ধার করেন স্থানীয়রা। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত ভাতিজার কোনো খোঁজ মেলেনি।
রুমা থানার ওসি আবুল হোসেন জানান, ‘জনপ্রতিনিধিদের কাছ থেকে ২ ব্যক্তি খালে পড়ে নিখোঁজ হওয়ার খবর শুনেছি। এলাকাটি একেবারে সীমান্তবর্তী ও দুর্গম হওয়ায় বিস্তারিত খোঁজখবর এখনো পাইনি।’
গত ২৯ জুন রুমা উপজেলার তিনাপ সাইতার ঝরনা দেখতে গিয়ে পাইন্দু খালের স্রোতে ভেসে যান নৌবাহিনীর সাব-লেফটেন্যান্ট সাইফুল্লাহ ও গ্রিন হার্ট আর্ট কলেজের ছাত্রী জান্নাত আরা। ঘটনার দুই দিন পর খালটির দুটি ভিন্ন পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
