জাজিরায় কলেজছাত্রীর ধর্ষক ও আরেক ঘটনায় অপর এক কলেজছাত্রীর দলবদ্ধ ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন করেছে জাতীয় মহিলা সংস্থাসহ কয়েকটি সংগঠন। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুর জেলা শাখার চেয়ারম্যান রওশন আরা বেগম, পিপি মির্জা হজরত আলী, আবুল কালাম আজাদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ হোসেন মুন্সী, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা প্রশ্ন রাখেন, জাজিরা পৌরসভার মেয়র ইউনুছ ব্যাপারীর ছেলে ‘ধর্ষক’ মাসুদ ব্যাপারী (৩১) এত দ্রুত জামিন পায় কীভাবে? তারা মাসুদকে আবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
