পাপুয়া নিউ গিনির পার্বত্য অঞ্চলে গোষ্ঠীগত সংঘাতে নারী, শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। গত সোমবার ভোররাতে দেশটির হেলা প্রদেশে এক আদিবাসী গোষ্ঠীর গ্রামে অপর গোষ্ঠীর সদস্যরা হামলা চালিয়ে তাদের হত্যা করে।
দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে তার ফেইসবুক স্ট্যাটাসে জানান, তিনি ওই এলাকায় আরও পুলিশ মোতায়েনের জন্য আগেই বলেছিলেন। সহিংসতার ঘটনাকে তিনি ‘আমার জীবনের অন্যতম দুঃখের দিন’ বলে বর্ণনা করেছেন। এটি গত কয়েক বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে শোচনীয় গোষ্ঠীগত সংঘাতের ঘটনা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই হত্যাকাণ্ডের উদ্দেশ্য পরিষ্কার হয়নি। দেশটির গণমাধ্যম ইএমটিভির তথ্যানুযায়ী, ২০ বছর ধরে ওই এলাকার কয়েকটি গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। ইএমটিভি জানিয়েছে, তারি-পোরি জেলার ক্ষুদ্র একটি পল্লীতে পৃথক দুটি হামলার ঘটনা ঘটেছে। মুনিমা গ্রামে গত রবিবার প্রথম হামলাটি চালানো হয়েছিল। ওই হামলায় চার পুরুষ, তিন নারীসহ সাতজন নিহত হন। এরপর সোমবার ভোররাতে কারিদা গ্রামে হামলা হয়।
